শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিহত শিক্ষার্থী সাদমান জয়
নিহত শিক্ষার্থী সাদমান জয় | ছবি: সংগৃহীত
0

শেরপুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ৪ অক্টোবর) রাতে শেরপুর সদরের বয়ড়া পরানপুর ভাটারা ঘাট সংলগ্ন মৃগী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই শিক্ষার্থীর নাম সাদমান জয় (২৩)। সে পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের মো. মাহমুদুল হাসান মাখন ও শাহানাজ পারভীন দম্পতির সন্তান।

পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় মৃগী নদীতে ঝাঁপ দিতে গিয়ে নিখোঁজ হয় জয়। এরপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং জামালপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানায়। এদিকে দীর্ঘ ২৪ ঘণ্টা পর নদী থেকে জয়ের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোকন চন্দ্র ঘোষ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এএইচ