মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি তেহরানের, ‘ভিত্তিহীন’ বলছে যুক্তরাষ্ট্র

আইআরজিসির ভিডিও থেকে নেয়া উড্ডয়নরত যুদ্ধবিমানের স্থিরচিত্র
আইআরজিসির ভিডিও থেকে নেয়া উড্ডয়নরত যুদ্ধবিমানের স্থিরচিত্র | ছবি: সংগৃহীত
0

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, তারা একটি মার্কিন ‘এফ-১৮’ যুদ্ধবিমান সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে যুক্তরাষ্ট্র এ দাবি নাকচ করেছে। ডেকান হ্যারল্ড প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক্সে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ‘ইরানের হাতে কোনো মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।’

আইআরজিসির প্রকাশিত ভিডিওটি ইরান-সম্পর্কিত রাষ্ট্রীয় চ্যানেল প্রেস টিভি প্রচার করা হয়। ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে, তারা একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।’

আইআরজিসি জানায়, তারা বিমানটিকে সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তবে ঘটনাস্থল, ক্ষয়ক্ষতির মাত্রা বা পাইলটের অবস্থা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

ইরান বিমানটিকে ‘এফ-১৮’ হিসেবে উল্লেখ করলেও সেন্টকমের ভাষ্য অনুযায়ী এটি সম্ভবত এফ/এ-১৮ মডেলের যুদ্ধবিমান।

আরও পড়ুন:

এ ঘটনা এমন সময়ে ঘটলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ শান্তি আলোচনায় যুক্ত রয়েছে। একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ইরান পর্যালোচনা করছে। তবে বৃহত্তর উত্তেজনা কমাতে সরাসরি আলোচনা করতে তেহরান আগ্রহী নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তেহরানের শর্ত পূরণ হলে যুদ্ধ অবসানের বিষয়ে কিছুটা আগ্রহের ইঙ্গিত দিয়েছেন, যদিও প্রাথমিক প্রতিক্রিয়া ছিল নেতিবাচক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা হয়েছে।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের কাছে ১৫ দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করে। এতে সংলাপ শুরুর জন্য এক মাসের যুদ্ধবিরতি এবং ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করার দাবি অন্তর্ভুক্ত ছিল।

এএম