রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাতে তিনি বলেন, ‘বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পাঠানো, আলোচনা শুরু ও যুদ্ধের অবসান চেয়ে পাঠানো বার্তাগুলো গ্রহণ করা হয়েছে এবং ইরানের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেগুলোর জবাব দেয়া হয়েছে।’
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গোপনে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফকে জানিয়েছেন, সম্ভাব্য চুক্তির লক্ষ্যে আলোচনায় বসতে সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সম্মতি দিয়েছেন। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) ইসরাইলি পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ-এর বরাতে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া।
পত্রিকাটির সূত্রগুলো জানায়, গত মাসে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধের শুরুর হামলায় তার বাবা আলী খামেনি নিহত হওয়ার পর দায়িত্ব নেয়া সর্বোচ্চ নেতা ইরানের শর্ত অনুযায়ী দ্রুত যুদ্ধের অবসানে সম্মত হয়েছেন।
আরও পড়ুন:
হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা দেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার আকস্মিকভাবে ঘোষণা দেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আলোচনা চলছে—যদিও ইরান তা অস্বীকার করেছে। তার ভাষ্য অনুসারে, দেশটির সর্বোচ্চ নেতা নয়, তবে উচ্চপর্যায়ের একজন ব্যক্তির সঙ্গে এই আলোচনা হচ্ছে।’
পরে ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘পাঁচ দিন বা তার কম সময়ের মধ্যেই ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে।’ তিনি আরও বলেন, ‘ইরান চুক্তি করতে আগ্রহী।’ ট্রাম্পের ভাষায়, ‘সবকিছু খুব ভালোভাবেই এগোচ্ছে।’




