ইসরাইলের উত্তরাঞ্চল ও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করার দাবি আইআরজিসির

ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে
ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে | ছবি: রয়টার্স
0

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে ৪৪তম ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসি দাবি করেছে, ‘অসংখ্য ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করে তারা ‘অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চল’-এর বিভিন্ন স্থান টার্গেট করেছে। এর মধ্যে কিরিয়াত শমোনা, হাদেরা ও হাইফা শহরের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরও টার্গেটের মধ্যে ছিল বলে দাবি করা হয়েছে।

এদিকে উত্তর ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৩ জন আহত হয়েছেন। নাজারেতের কাছে জারজির নামের একটি গ্রাম ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বেশ কয়েকটি বাড়ি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং কিছু যানবাহনে আগুন লেগেছে। তবে এখনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এক নারী শার্পনেল গায়ে লাগায় আহত হয়েছেন। অন্য বেশির ভাগই উড়ন্ত কাচের টুকরোর মাধ্যমে আহত হয়েছেন। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে বিমান হামলার সতর্ক বার্তা বাজে। একই রাতে ইসরাইলি সামরিক বাহিনী ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং লেবানন সীমান্তের উত্তর দিক থেকে হিজবুল্লাহর রকেট হামলার কথাও জানা গিয়েছে।

এএম