ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় লেবাননে ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করে ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত হতাহতের এ তথ্য পাওয়া গেছে।
সোমবার ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে, তবে অন্যগুলো তাদের দেশের খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ দিন ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরতলীগুলোতে বিমান হামলা চালিয়েছে। লেবাননের রাজধানীতে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোররাত ২টা ৪০ মিনিটের দিক থেকে একের পর এক হামলা চালাতে শুরু করে ইসরাইলি বিমান বাহিনী।
এরপরই আক্রান্ত স্থানগুলোর ও আশপাশের বাসিন্দারা গাড়িতে করে ও হেঁটে বৈরুত থেকে পালাতে শুরু করে। এতে রাস্তায় রাস্তায় জট লেগে যায়। ইসরাইল জানায়, তারা বৈরুতের কাছে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডারদের ওপরও হামলা চালিয়েছে।





