Recent event

ইমরানের খানের সঙ্গে জরুরি সাক্ষাতের অনুমতি নাকচ করে দিয়েছে সুপ্রিম কোর্ট

পাকিস্তান সুপ্রিম কোর্ট
পাকিস্তান সুপ্রিম কোর্ট | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী পিটিআই নেতা ইমরান খান ইস্যুতে এক চুলও ছাড় দিচ্ছে না শেহবাজ শরীফ প্রশাসন। এমনকি আদালতকেও কোণঠাসা করে রেখেছে তারা। এবার, কারাগারে ইমরানের সঙ্গে জরুরি সাক্ষাতের অনুমতির বিষয়ে পিটিআই-এর আবেদন নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। আদালত বলছে, অনুমতি দেয়ার আগে সরকারকে অবহিত করতে হবে। এমনকি, ইমরানের দুই ছেলের দেশে ফেরা নিয়েও কঠোর অবস্থানে প্রশাসন।

কারাগারে আটক অবস্থায়ও বারবারই পাকিস্তানের মূল ধারার রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। প্রথমে ইমরানের মৃত্যুর গুজব, এরপর পরিবারের কাউকে না জানিয়ে ডান চোখে অস্ত্রপাচার- বিতর্কিত নানা পদক্ষেপে আলোচনায় সমালোচনায় জড়িয়ে যাচ্ছে শেহবাজ শরীফের সরকার।

এই সব কিছুর কেন্দ্রে আছে, ইমরানের সঙ্গে পরিবার ও দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ করতে না দেয়ার ইস্যু। সরকারের অভিযোগ, সৌজন্য সাক্ষাতের নামে রাজনৈতিক আলোচনার সুযোগ চায় পিটিআই। আর ইমরানের সমর্থকদের বক্তব্য, এসব অজুহাত দেখিয়ে ন্যূনতম মানবাধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে তাদের নেতাকে।

ধর্মঘট, কারাগার ঘেরাও করে যখন কাজ হয়নি তখন জরুরি ভিত্তিতে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পিটিআই। তবে এখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার। এ সংক্রান্ত ১৩টি আবেদনই খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি ও বিচারপতি বিলাল হাসানের যৌথ বেঞ্চ তাদের রায়ে জানান, সরকারকে নোটিস দেয়া বা অবহিত করা ছাড়া এই অনুমতি দিতে পারে না আদালত। মঙ্গলবার সরকারকে এই সংক্রান্ত নোটিস পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন:

এখানে আদালতের ব্যাখ্যা হচ্ছে, ইমরানের বিরুদ্ধে অনেকগুলো তদন্ত চলমান এবং শুনানির অপেক্ষায়ও আছে বেশকিছু মামলা। এমন অবস্থায় তার সঙ্গে জরুরি ভিত্তিতে সাক্ষাতের অনুমতি দেয়ার অন্যান্য বাধাও বিবেচনায় নেয়া প্রয়োজন।

এদিকে, ইমরানের দুই পুত্রের দেশে ফেরা নিয়েও রয়েছে বড় অনিশ্চয়তা। জিও নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, কাসিম ও সুলাইমানের ভিসার আবেদন আটকে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবে। এ কারণে ইমরান পুত্রদের পাকিস্তানে ফেরত যাওয়ার ভিসা দিচ্ছে না লন্ডনের হাই কমিশন।

জিও নিউজ আরও বলছে, সুনির্দিষ্ট কিছু তথ্য না দেয়ায় দুই ভাইয়ের ভিসার আবেদন ঝুলিয়ে রেখেছে পাক স্বরাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট বিভাগ। কিন্তু এ ব্যাপারে লন্ডন দূতাবাস ইমরান পুত্রদের অবহিত করলেও কোনো সাড়া দেন নি তারা। আর এই ভিসা জটিলতা নিয়ে যথেষ্ট উদ্বেগে পড়েছে পিটিআইও।

ইএ