Recent event

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত
রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত | ছবি: সংগৃহীত
0

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত। আনুমানিক মূল্য ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি। চলতি মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নয়াদিল্লি সফরের আগে, বিমান ক্রয়ের যাবতীয় দাপ্তরিক কার্যক্রম শেষ করতে প্রস্তুতি শুরু করেছে ভারতের ডিফেন্স কাউন্সিল।

অপারেশন সিঁদুরের পর আবারো আলোচনায় রাফাল যুদ্ধবিমান। গত বছরে পেহেলগাম ইস্যুতে ভারত-পাকিস্তান রক্তক্ষয়ী সংঘাতের পর বিরোধীদের তোপের মুখে প্রতিরক্ষা খাত ঢেলে সাজাতে বেশ তৎপর মোদি প্রশাসন। সম্প্রতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খাতটিতে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এবার, ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ভারত সরকার। চলতি মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নয়াদিল্লি সফরের আগেই এটি চূড়ান্ত করতে প্রস্তুতি নিচ্ছে ভারতের ডিফেন্স কাউন্সিল।

ভারতের সরকারি সূত্রের খবর, দ্রুতই ইস্যুটি নিয়ে বৈঠকে বসবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এর আগে গত মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্রয় সংক্রান্ত নীতিগত কমিটি রাফাল বিমান কেনার প্রস্তাবটিকে অনুমোদন দেয়।

আরও পড়ুন:

সবকিছু ঠিক থাকলে এটি ভারতের বিমান ক্রয়ের সবচেয়ে বড় চুক্তিগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। এর আনুমানিক মূল্য ৩ দশমিক ২৫ লাখ কোটি রুপি । এর আওতায় ১৮টি যুদ্ধবিমান সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় ভারতের কাছে হস্তান্তর করবে ফ্রান্স। বাকিগুলোকে উড্ডয়ন উপযোগী করে তৈরি করবে ভারতের বিমান নির্মাণ কোম্পানিগুলো।

চুক্তিটি বাস্তবায়ন হলে ভারতের সামরিক বাহিনীতে রাফাল জেটের সংখ্যা হবে ১৭৬টি। এর আগেও ফ্রান্সের থেকে রাফাল যুদ্ধবিমান কিনেছিল ভারত।

ফ্রান্সের তৈরি পঞ্চম প্রজন্মের রাফাল আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিশ্বে পরিচিত। যুদ্ধবিমানটি ঘণ্টায় সর্বোচ্চ ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে পারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ হাজার ফুট ওপরে উঠতে সক্ষম।

জেআর