Recent event

থাইল্যান্ড নির্বাচনে সরকার গঠনে এগিয়ে আছেন ভুমজাইথাই পার্টির নেতা

ভুমজাইথাই পার্টির উচ্ছ্বাস
ভুমজাইথাই পার্টির উচ্ছ্বাস | ছবি: সংগৃহীত
0

আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও থাইল্যান্ডের নির্বাচনে প্রায় ২শ' আসনে জয় নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের দল ভুমজাইথাই পার্টি। নির্বাচনে দ্বিতীয় অবস্থানে পিপলস পার্টি আর তৃতীয় অবস্থানে নেমে এসেছে ফিউ থাই পার্টি। এ অবস্থায় সরকার গঠনের দৌড়ে এগিয়ে গেলেন ভুমজাইথাই পার্টির নেতা আনুতিন।

রাজনৈতিক অস্থিরতায় ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে তিনজন প্রধানমন্ত্রীকে থাইল্যান্ডের হাল ধরতে হয়েছে। সবশেষ ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর দীর্ঘ সময় অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রধান হয়ে থাকার ঝুঁকি নেননি ভুমজাইথাই পার্টি নেতা আনুতিন চার্নভিরাকুল। তার দেয়া ঘোষণা অনুযায়ী ৫০০ সংসদীয় আসনে রোববার হলো আগাম নির্বাচন। একই সঙ্গে ২০১৭ সালে সামরিক শাসনের সময় প্রণীত সংবিধান পরিবর্তন করা হবে -কিনা এর ওপর হয়েছে গণভোটও।

নির্বাচনের ফলাফলের সবশেষ তথ্য বলছে, প্রায় ২০০ আসনে জয় নিশ্চিত করেছে আনুতিন চার্নভিরাকুলের দল ভুমজাইথাই পার্টি। শতাধিক আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে তরুণ নেতা নাথাফং রুয়েংপানিয়াউতের দল থাই পিপলস পার্টি। আর একশর নিচে আসন পেয়ে তৃতীয় অবস্থানে ২০২৩ সালের নির্বাচনের ক্ষমতাসীন দল ফিউ থাই। অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে পরলেন ফিউ থাই পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী ও দলটির কারাবন্দী প্রভাবশালী নেতা থাকসিন সিনাওয়াত্রার ভাতিজা ইয়োদ চানান ওং সাওয়াত।

আরও পড়ুন:

এ অবস্থায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার পথ অনেকটাই মসৃণ করলেন আনুতিন চার্নভিরাকুল। এর জন্য ২৫১ আইন প্রণেতার সমর্থন নিশ্চিতের জন্য নিজ দল ছাড়া আরও ৫০ জনের বেশি সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হবে। তাই ভুমজাইথাই পার্টি এখন কোন দলের সঙ্গে জোট করে তাই দেখার বিষয়। কারণ ২০২৩ সালের নির্বাচনের পর নানা বিতর্কের কারণে ফিউ থাই পার্টির সঙ্গে জোট ভেঙে দিয়েছে আনুতিনের দল।

গত নির্বাচনে সবচেয়ে বেশি ১৫১টি আসনে জয় পেলেও জোট নিশ্চিত করতে না পারায় সরকার গঠন করতে পারেনি পিপলস পার্টি। এবার অনেক কম আসন পাওয়ায় দলটির সরকার গঠনের সম্ভাবনাও কম। নানা বিতর্কে জনপ্রিয়তা হারানোয় ফিউ থাই পার্টিরও সরকার গঠনের সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া রাজতন্ত্র ও সেনাবাহিনীর সমর্থন পেয়েও এগিয়ে আছেন আনুতিন। সব মিলিয়ে হতাশার দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন পিপলস পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী।

থাইল্যান্ডের নির্বাচনী ব্যবস্থার অধীনে, ভোটাররা দুটি ভোট দেন। একটি নির্বাচনি এলাকার প্রার্থীর জন্য এবং আরেকটি বিভিন্ন দলের তালিকাভুক্ত সংসদ সদস্যের জন্য। ফলে সরাসরি ভোটে নির্বাচিত হন মোট ৪০০ সংসদ সদস্য। জাতীয় ভোটের আনুপাতিক হারে বরাদ্দ করা হয় বাকি ১০০টি দলীয় তালিকাভুক্ত আসন। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার ১৫ দিনের মধ্যে সংসদকে স্পিকার নির্বাচনের জন্য অধিবেশন ডাকতে হবে, তারপর প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন ৫০০ আইন প্রণেতা।

ইএ