Recent event

হরমুজ প্রণালি খোলা রাখতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

ইরানকে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান

হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি | ছবি: সংগৃহীত
1

ইরানের হুমকির প্রেক্ষিতে হরমুজ প্রণালি খোলা রাখতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল (রোববার, ২২ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেন, ‘যারা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, সেই চীন সরকারের প্রতি আমি আহ্বান জানাচ্ছি; তারা যেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পর, পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় তেহরান। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়।

রুবিও সতর্ক করে বলেন, ‘হরমুজ প্রণালি বন্ধ করা ইরানের জন্য আরেকটি বড় ভুল হবে। এটি শুধু অঞ্চলকে নয়, গোটা বিশ্ব অর্থনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। এমন পদক্ষেপ ইরানের জন্য অর্থনৈতিক আত্মঘাতের শামিল হবে।’

বিশ্লেষকদের মতে, ইরান যদি এই হুমকি বাস্তবায়ন করে, তবে বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ সংকট তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে চীনের কূটনৈতিক মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকেই।

এনএইচ