এবার জায়েদ খান চমক দেখালেন নতুন খবর দিয়ে। তার অভিনীত শর্টফিল্ম ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’-এর দ্বিতীয় পর্বে দেখা যাবে নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান কোয়ামে মামদানিকে।
প্রবাসী জীবনের নানা গল্প ও সংগ্রাম নিয়ে নির্মিত এই শর্টফিল্ম পরিচালনা করেছেন জন কবির এবং সাদ আল আমীন। এর প্রথম পর্ব গত মার্চে প্রকাশের পর দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছিলো। এবার দ্বিতীয় পর্ব মুক্তি পাচ্ছে আগামী ২৭ মে, বাংলাদেশ সময় রাত ৯টায়।
যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে জায়েদ খান বলেন, ‘জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এ শর্টফিল্মে অভিনয় করেছেন। এই গল্পটা প্রবাসীদের নিয়ে। তার সঙ্গে অভিনয় করতে পারা শুধু আমার একার গর্ব নয়, আমি মনে করি লাল সবুজের বাংলাদেশের পতাকার গর্ব।’
মামদানিকে কীভাবে যুক্ত করালেন?
এমন প্রশ্নে জায়েদ বলেন, ‘এটা সম্ভব হয়েছে এখানকার ‘ঠিকানার রুহিন হোসেন ও তার সহধর্মিণী আনুভা শাহীন হোসেনের কারণে। তারাই প্রজেক্টের জন্য মামদানিকে মেইল করেন। সেইসঙ্গে আমার বিস্তারিত তাদেরকে জানান। এরপর কিছুদিন অপেক্ষা করতে হয়েছে। তারপর মেয়রের অফিস থেকে তার ডেট দিয়েছিলেন। সেই ডেট অনুযায়ী আমরা শুটিং করি।’
জায়েদ আরও বলেন, ‘তার (জোহরান মামদানি) এ প্রজেক্টে যুক্ত হওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। তিনি পৃথিবীর একজন সেলিব্রেটি মেয়র এবং অত্যন্ত ক্ষমতাধর। তবুও অভিনয় করার সময় তিনি বারবার পরিচালকের কথামতো অভিনয়ের চেষ্টা করছিলেন। কাজটি করে মনে হয়েছে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।’





