পাথরঘাটায় ৩৬ হাজার লিটার ভোজ্যতেল মজুত; দুই ব্যবসায়ীকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাবের অভিযান
ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাবের অভিযান | ছবি: এখন টিভি
1

বিপুল পরিমাণ ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে বরগুনার পাথরঘাটায় দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ (রোববার, ১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার কাকচিরা বাজারে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেয়া হয়।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা কাকচিরা বাজারে অভিযান চালায়। এসময় দয়াল এন্টারপ্রাইজ ও খাতিজা এন্টারপ্রাইজ নামে দুটি দোকানে তল্লাশি চালিয়ে মোট ১৮০ ব্যারেল (প্রায় ৩৬ হাজার ৭২০ লিটার) ভোজ্যতেলের মজুদ পাওয়া যায়।

অসাধু উপায়ে তেল মজুদ ও চড়া দামে বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে পৃথকভাবে জরিমানা করা হয়। এর মধ্যে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা ও খাতিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যারা সাধারণ মানুষকে জিম্মি করছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

অভিযান শেষে তেলগুলো ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।

এএইচ