ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের ট্রাংক রোড এলাকার মেসার্স রহমানিয়া রেস্টুরেন্টে খোলা অবস্থায় জিলাপি প্রদর্শন করে বিক্রি ও নিম্নমানের লবণ ব্যবহার করে ইফতার সামগ্রী তৈরির অভিযোগে সাত হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বনফুল লাচ্ছা সেমাইয়ের নকল করে তৈরি করা ‘বনফুল লাচ্ছা সেমাই’ প্যাকেটে মেয়াদসহ প্রয়োজনীয় ঘোষণা না থাকা এবং নিম্নমানের পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে বড় বাজার এলাকার মেসার্স মোর্শেদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
একইসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স সোহাগ ট্রেডার্সকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্য, জেলা কার্যালয়ের কর্মচারী ও জেলা পুলিশের একটি দল অংশ নেন।
ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ‘অভিযানে ভোক্তা অধিকার বিরোধী নানা অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’





