নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে আহত পুলিশ, আটক ২

আহত পুলিশ সদস্য ও আটক দুইজন
আহত পুলিশ সদস্য ও আটক দুইজন | ছবি: এখন টিভি
0

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। ‎এ ঘটনায় রাতেই পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। আজ (শনিবার, ১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আটক দুইজন হলেন সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকার মো. আব্দুল্লাহ (২৪) এবং নাইম হেসেন (২৫)।

‎পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক স্বপনের নেতৃত্বে পুলিশ সদস্য মনির হোসেন ও আবু হানিফ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের জন্য ওই এলাকায় অভিযান চালান। এসময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর ইট ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য মনির হোসেনের মাথায় ইটের আঘাত লাগে এবং সহকারী উপ-পরিদর্শক স্বপনের মাথায় ও হাতে রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

‎‎পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্য মনির হোসেনকে উদ্ধার করে চিটাগাং রোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক স্বপনকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

‎নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘আসামি ধরতে গিয়ে সিদ্ধিরগঞ্জ থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।’

‎‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আমাদের দুজন পুলিশ আহত হয়েছে। দুজনকে আটক করা হয়েছে।’

ইএ