জামালপুরে জাল চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ২

গণপিটুনির প্রতীকী ছবি
গণপিটুনির প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চোর সন্দেহে তিনজনকে ধাওয়া করে নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ (শনিবার, ১৫ আগস্ট) বিকেলে উপজেলার বেলগাছা ইউনিয়নের দুর্গম যমুনার চর বরুল এলাকায় এ ঘটনা ঘটে।

ইসলামপুর থানা পুলিশ জানায়, একটি ছোট নৌকাযোগে তিনজন যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের চোর সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা গুঠাইল-উলিয়া এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরাও তাদের পিছু নেন। ফের বরুল এলাকায় তিনজনকে ধরে ফেলেন। সেখানে তাদের মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদ মারা যান। আহত হন অপর দুজন।

নিহত নুর মোহাম্মদ (৫০) গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহতরা হলেন, গাইবান্ধা বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর (৪০) ও দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫)।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্গম যমুনার চর থেকে এক ব্যক্তির মরদেহ ও আহত দুইজনকে উদ্ধার করা হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে তার বিস্তারিত এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপর দুইজন চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এএইচ