পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কালিয়াকৈর থেকে চন্দ্রাগামী একটি অটোরিকশাকে একটি প্রাইভেটকার চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় অটোচালক নিহত হন।
এ দুর্ঘটনার পর মহাসড়কের ওই এলাকায় যান চলাচল কিছুটা ধীরগতির হয়ে পড়ে। এর কিছু সময় পর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গরুবোঝাই একটি ট্রাক দ্রুতগতিতে শ্যামলী পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকসহ আরও দুজন নিহত হন।
দুর্ঘটনায় ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান।’





