ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২

দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল; মরদেহের পাশে স্বজনদের আহাজারি
দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল; মরদেহের পাশে স্বজনদের আহাজারি | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় স্কুল শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত হন।

আজ (শনিবার, ৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩) এবং সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত দেবারু মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬৫)।

এ ঘটনায় আহত হয়েছেন রুহিয়া উপজেলার চামেশ্বরী গ্রামের নুরে আলমের ছেলে নীরব (১৬)।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হোসেন সড়কের একপাশ থেকে অন্যপাশে পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পেছনে থাকা অর্ণব ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় পথচারী আবুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গুরুতর আহত নীরবকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে একজনকে মৃত এবং অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পথচারী আবুল হোসেনকে এর আগেই হাসপাতালে নেয়া হয়েছিলো। পরে সেখানে তার মৃত্যু হয়।’

এসএইচ