রেল বিভাগের আধুনিকায়নে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আকস্মিক পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, ‘সরকার রেল বিভাগকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে পরিকল্পনা গ্রহণ করেছে। ঢাকা-সিলেট রেললাইনটি দীর্ঘদিনের পুরোনো। জনগণের স্বার্থে এই রেলপথে কী কী উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি।’

আজ (শনিবার, ১ আগস্ট) সকালে মন্ত্রী স্টেশনের যাত্রী বিশ্রামাগার, টয়লেটের ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং স্টেশনের বিভিন্ন অংশ পরিদর্শনকালে এসব কথা বলেন।

সাধারণ মানুষ যেন আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন এবং রেলের সেবার গুণগত মান কীভাবে আরও বৃদ্ধি করা যায়—সেটিই দেখতে এসেছেন বলেও জানান মন্ত্রী।

এসময় পর্যটকদের জন্য সিলেট বিভাগে আরও একটি ট্রেন চালুর বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের সরকারের বয়স অল্পদিন। আমাদের কিছুটা সময় দেন। আমাদের বলতে হবে না, জনগণের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা নিজ দায়িত্বেই বাস্তবায়নের উদ্যোগ নেবো।’

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।

পরিদর্শনের সময় তিনি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা, টয়লেটের মানোন্নয়নসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য তার সফরসঙ্গী রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।

আরও পড়ুন:

এদিকে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন বলেন, ‘সিলেট অঞ্চলের রেলওয়েকে আরও আধুনিক ও সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান যাচাই করতেই মূলত আজকের এই পরিদর্শন।’ তিনি জানান, এর আগে মন্ত্রী সায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনও পরিদর্শন করেছেন।

তিনি আরও বলেন, ‘মন্ত্রী মূলত সিলেটের জাফলং পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সফরে এসেছেন। সেখানে যাওয়ার পথে তিনি বিভিন্ন রেলওয়ে স্টেশন পরিদর্শন করছেন।’

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শাখাওয়াত হোসেন বলেন, ‘শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আকস্মিক পরিদর্শনে আসেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন আমাদের রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।’

তিনি জানান, সিলেট বিভাগে সিলেটের পর গুরুত্বপূর্ণ ষ্টেশন হচ্ছে শ্রীমঙ্গল ষ্টেশন। এখানে প্রতিদিন হাজারের বেশি পর্যটকের সমাগম হয়। কিন্তু আসন সংখ্যা একেবারে সীমিত। তাই আসন বৃদ্ধি জরুরি। তাছাড়া এখানে যাত্রী বিশ্রামাগার মাত্র ২টি। একটি ভিআইপি, অন্যটি সাধারণ। এটি বৃদ্ধি করা ও ষ্টেশনে আরও বসার বেঞ্চ ব্যবস্থা করা প্রয়োজন।’

পরে মন্ত্রী ভানুগাছ রেলস্টেশনসহ বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতিতে জনসাধারণ ও স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেন।

এসএইচ