ঝিনাইদহে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই; কোটি টাকার ক্ষতির আশঙ্কা

ঝিনাইদহে অগ্নিকাণ্ড
ঝিনাইদহে অগ্নিকাণ্ড | ছবি : এখন টিভি
0

ঝিনাইদহের মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌর মার্কেটের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোতে থাকা ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল এবং একটি ট্রাকসহ সরঞ্জাম সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

গত (মঙ্গলবার, ২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে পৌরসভার কলেজ বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আরও পড়ুন:

​এদিকে রাতের আঁধারে নিজেদের সম্বল ও অর্জিত স্বপ্নের এভাবে ছাই হয়ে যাওয়া দেখে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা। হঠাৎ এই দুর্ঘটনায় ব্যবসায়ীরা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

খবর পেয়ে সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহেশপুর পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে দ্রুততম সময়ে সরকারি সহায়তার আশ্বাস প্রকাশ করেন।

এফএস