কুষ্টিয়ায় তিন ট্রাক চালকের কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া বালুঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন বালুবাহী ট্রাক চালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করেন দুটি ট্রাকও। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ট্রাক শ্রমিকরা।

আজ (সোমবার, ২৭ জুলাই) দুপুর ২টায় কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হলে কুষ্টিয়া-পাবনা, কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও বিভিন্ন যানবাহনের চালকরা।

বিক্ষোভকারী ও স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে, গতকাল (রোববার, ২৬ জুলাই) সন্ধ্যায় তালবাড়ীয়া বালুঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। ওই অভিযানে তিনজন বালুবাহী চালককে আটক করে তাদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন আদালত। জব্দ করা হয় দুটি ট্রাকও। প্রতিবাদে শ্রমিক নেতারা দণ্ডপ্রাপ্ত চালকদের মুক্তি, জব্দকৃত ট্রাক ফেরত এবং শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জেআর