নিহত রিকশাভ্যানের চালকের নাম শুক্কুর আলী (৫৫)। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের জাহাব আলীর ছেলে। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় থাকতেন। ভ্যানে করে ফুটপাতে আমসহ বিভিন্ন ফল বিক্রি করতেন।
গোলড়া হাইওয়ে থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা দেড়টার দিকে ভাটবাউর এলাকায় পাইকারবাজার থেকে আম নিয়ে নিজের রিকশাভ্যানে করে জেলা শহরে খুচরাবাজারে যাচ্ছিলেন শুক্কুর আলী।
আরও পড়ুন:
পথে পাইকারবাজারের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ওঠার পরপরই দ্রুতগতিতে আসা মালবাহী একটি কাভার্ড ভ্যান রিকশাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুক্কুর আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন এবং পুলিশকে খবর দেন। পরে গোলড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বর বলেন, ‘এ ঘটনায় দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।’




