সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৪

হামলার শিকার পুলিশসদস্যরা
হামলার শিকার পুলিশসদস্যরা | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্যসহ চারজন। চারজনকেই কুপিয়ে জখম করা হয়েছে।

আজ (শনিবার, ৪ জুলাই) দুপুরে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন— সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। তারা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত এসআই সুরুজ্জামান জানান, তিনি দুই কনস্টেবল শাহীন ও মাইনুলকে সঙ্গে নিয়ে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় মহাসড়কে অভিযানে যান। বিভিন্ন মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধারে ও এক আসামি ধরতে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন:

তিনি জানান, এসময় আসামি সাগর ও তার ভাই সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশসদস্য ও পুলিশ সোর্স মাসুমকে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করেন।

তাদের মধ্যে তিন পুলিশসদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয় এবং পুলিশ সোর্স মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার দুই পুলিশসদস্যর আহতের খবর নিশ্চিত করলেও বাকিদের বিষয়ে কোনো তথ্য তিনি জানাতে পারেননি।

তিনি জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত আসামি সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

এসএইচ