নাতির চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নানার মৃত্যু

মরদেহের জানাজা সম্পন্ন
মরদেহের জানাজা সম্পন্ন | ছবি: এখন টিভি
0

মোটরসাইকেলের ধাক্কায় গত এক সপ্তাহ আগে নাতি রিদুয়ান (১৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তার চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে আরেক মোটরসাইকেলের ধাক্কায় মরদেহ হয়ে বাড়িতে ফিরলেন নানা রিয়াজ উদ্দিন (৭৮)।

গতকাল (শনিবার, ৭ জুন) বিকেলে টাঙ্গাইলের সখীপুর–সিস্টোর সড়কের মিলপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন সখীপুর উপজেলার কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নাতির চিকিৎসার ব্যয় মেটাতে অর্থ সংগ্রহের উদ্দেশেই সেদিন তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

নাতির কষ্ট লাঘবের সেই চেষ্টা শেষ পর্যন্ত পরিণত হয় এক হৃদয়বিদারক শোকগাথায়। আজ (রোববার, ৮ জুন) সোমবার সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়েছে।

নিহতের ছেলে বাবুল বলেন, ‘আমার বাবা দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন। এমন ঘটনা আর না ঘটুক—এটাই আমাদের একমাত্র চাওয়া।’

সখীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা বলেন, ‘আমাদের সখীপুরে প্রতিনিয়ত মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েই চলেছে। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে, যাতে অল্প বয়সী কিশোরদের মোটরসাইকেল কিনে না দেয়৷ আর নাতিন হাসপাতালে ভর্তি মোটরসাইকেল দুর্ঘটনায় তার চিকিৎসার অর্থ যোগাতে গিয়ে নানা মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এরকম ঘটনা যাতে আর না ঘটে।’

উল্লেখ্য, গত ১ জুন সখীপুর–সিস্টোর সড়কের বাগবেড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রিদুয়ান গুরুতর আহত হন। বর্তমানে তিনি উত্তরার প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএস