আত্রাই নদীর উত্তর তীরে অবস্থিত থলওলমা, ভাগসুন্দর ও বিশা গ্রাম। এ তিন গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস। দীর্ঘদিনে সংস্কার না হওয়ায় বর্ষায় নদীর পানির চাপে ভেঙে যায় মাটির এ সড়কটি। এতে চরম দুর্ভোগে পড়ে স্থানীয়রা।
নওগাঁ জেলা উন্নয়ন প্রকল্প থেকে উপজেলার থলওলমা বাই বিশা ভায়া ভাগসুন্দর পর্যন্ত সড়কের গাইডওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। যার মোট চুক্তিমূল্য ১ কোটি ৯৪ লাখ ৮৫ হাজার ৩২২ টাকা। কাজটি পেয়েছে নওগাঁর মানহা ট্রেডার্স।
স্থানীয়দের অভিযোগ, গত ২ মাস ধরে চলা এ সংস্কারে কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। পাশাপাশি সিমেন্টের পরিমাণ কম এবং নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগও রয়েছে। রাস্তার পাশ থেকে মাটি কাটার ফলে সাইড গাইড ভেঙে যাচ্ছে বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন
এ বিষয়ে কথা বলতে চাইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে খোঁজ নেয়ার কথা বলেন ঠিকাদার। সড়ক সংস্কার বাইরে থেকে মাটি নিয়ে এসে ভরাট করার কোনো বরাদ্দ না থাকায় পাশ থেকে মাটি কাটা হচ্ছে। তবে এতে সড়কের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন এলজিইডির এ প্রকৌশলী।
আত্রাই উপজেলা এলজিইডি প্রকৌশলী নিতিশ কুমার বলেন, ‘ঠিকাদার প্রতিষ্ঠান সাইড গাইডের দূর থেকে মাটি কেটেছে। আর মাটি ভরাটের ফলে রাস্তা অনেক প্রশস্ত হবে।’
সড়কটি সংস্কার হলে নদী ভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে এ তিন গ্রাম এগিয়ে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকিতে সঠিকভাবে কাজটি সম্পূর্ণ করার দাবি এলাকাবাসীর।





