পরিবারের সঙ্গে ঈদ করা হলো না যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের

লিমনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স
লিমনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স | ছবি: এখন টিভি
0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জের লালডোবা গ্রামে এসে পৌঁছে আজ (সোমবার, ৪ মে) বিকেল ৩টা ২০ মিনিটে। পরে বাদ মাগরিব নামাজ শেষে স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে গত শনিবার (২ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৪৭ মিনিটের দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে তার মরদেহ দেশে পাঠানো হয়েছে।

লিমনের মরদেহবাহী উড়োজাহাজটি দুবাই হয়ে সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

কথা ছিল পিএইচডি শেষে এবার ঈদুল আজহায় দেশে ফিরবেন জামিল আহমেদ লিমন। কাজ করবেন দেশের জন্য। তবে ফ্লোরিডার রৌদ্রোজ্জ্বল শহর আর লিমনের আলোকিত হবার স্বপ্ন পরিবারের কাছে পরিণত হয়েছে এক অন্ধকার অধ্যায়।

সোমবার বিকেলে লিমনের মরদেহবাহী অ্যাম্বুলেন্সে মরদেহে গ্রামের বাড়ি জামালপুরের লালডোবা গ্রামে এসে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চারপাশ।

আরও পড়ুন:

গ্রামবাসীরা ভিড় করেন কফিনে জড়ানো লিমন নিথর দেহ এক নজর দেখতে। ধর্মীয় রীতি মেনে মাগরিবের নামাজের পর লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে লিমনের দ্বিতীয় নামাজে জানাজা শেষে বাড়ির উঠানের পাশে পারিবারিক গোরস্থানে দাফন করা হয় মেধাবী এই শিক্ষার্থীকে। এ ঘটনায় শোকে স্তব্ধ পরিবার, প্রতিবেশী সবাই৷

গত ১৬ এপ্রিল নিখোঁজ হন দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি। এর আট দিন পর ২৪ এপ্রিল হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছে আবর্জনা ফেলার ব্যাগ থেকে উদ্ধার করা হয় লিমনের ক্ষতবিক্ষত মরদেহ।

এর দু’দিন পর হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের পাশের ম্যানগ্রোভ এলাকায় মাছ শিকারিরা খুঁজে পান আরও কিছু দেহাংশ, যা পরে বৃষ্টির বলে নিশ্চিত করে পুলিশ।

এ ঘটনায় আদালতের নথিতে উঠে আসে শিউরে ওঠার মতো তথ্য, লিমনের নগ্ন মরদেহে ছিলো একাধিক ছুরিকাঘাতের চিহ্ন। এমন নৃশংস ঘটনার বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুন:

এ হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরেকে গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করেছে। অভিযুক্ত হিশামের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডার বা সর্বোচ্চ মাত্রার হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। লিমনের জানাজা নামাজে অংশ নেন মেলান্দহ-মাদারগঞ্জ আসনের স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ বিন রশিদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা।

এসএস