রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

রাজশাহীতে মে দিবস পালিত
রাজশাহীতে মে দিবস পালিত | ছবি: এখন টিভি
0

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নতুন প্রভাত’ এ লক্ষ্যকে সামনে রেখে রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ (শুক্রবার, ১ মে) সকালে বিভাগীয় শ্রম দপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৮ টায় বিভাগীয় শ্রম দপ্তরের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভাগীয় প্রশাসক, জেলা প্রশাসক এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি নগরীর ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে’ গিয়ে শেষ হয়।

আরও পড়ুন:

​র‍্যালি শেষে ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। এছাড়াও রাজশাহী সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকদ্বয় সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মে দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। এবং তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে আন্তর্জাতিক মানের নিরাপত্তা বজায় রাখা জরুরিসহ পেশাগত স্বাস্থ্য ঝুঁকি ও সেইফটি বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন খাতের মালিক পক্ষ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মহান মে দিবস উপলক্ষে রাজশাহীর বিভিন্ন কলকারখানা ও প্রতিষ্ঠানে আজ সাধারণ ছুটি পালিত হচ্ছে।

এফএস