ব্যালন ডি’অরের লড়াইয়ে নাটকীয় মোড়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বাকি হাতে গোণা কয়েকঘন্টা, তার আগে শেষ মুহূর্তে ফেভারিটের তালিকায় বড় পরিবর্তন এনেছে বুকমেকাররা। হ্যারি কেইন উঠে এসেছেন শীর্ষে, পিছিয়ে পড়েছেন লামিন ইয়ামাল। তবে লড়াই থেকে ছিটকে যাননি কিলিয়ান এমবাপ্পেও। শেষ পর্যন্ত কার হাতে উঠবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার?
গত মৌসুমে গোলের পর গোল করে ব্যালন ডি'অরের দৌড়ে সবচেয়ে এগিয়ে কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে ৬৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে তার গোল ৭৩টি। অসাধারণ এই পারফরম্যান্সের স্বীকৃতি পেতে পারেন এবারই। বুকমেকারদের হিসাবেও তার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বাজির দর নেমে এসেছে ১ দশমিক ৩৫-এ।
অন্যদিকে, ইয়ামালের সম্ভাবনায় বড় ধাক্কা। বুকমেকারদের হিসাবে তার জয়ের পক্ষে বাজির দর ৩ দশমিক ২৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ০০-তে। গত মৌসুমে লা লিগায় ১৬ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। বার্সেলোনার শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। স্পেনের বিশ্বকাপজয়ী দলেরও সদস্য তিনি। তবে ইনজুরির জর্জরিত মৌসুমটায় ব্যক্তিগতভাবে কিছুটা অনুজ্জল থাকায় শেষমূহুর্তে পিছিয়ে পড়েছেন তিনি।
তবে বুকমেকারদের হিসাবই শেষ কথা নয়। ব্যালন ডি’অরের ভাগ্য নির্ধারণ করবেন বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত ক্রীড়া সাংবাদিকেরা। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা ১০ জনকে ভোট দেবেন তারা। পয়েন্টের হিসাবে সবার ওপরে থাকা ফুটবলারের হাতেই উঠবে মর্যাদার এই পুরস্কার।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে পুরস্কার বিতরণী মঞ্চে। শেষ পর্যন্ত কি প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতবেন হ্যারি কেইন, নাকি বাজির হিসাব উল্টে দিয়ে চমক দেখাবেন ইয়ামাল? উত্তর মিলবে বিজয়ীর নাম ঘোষণার পরই।





