গত শনিবার রাতে নগরীর নিতাইগঞ্জ এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৬২ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. ফারজিন ফাহিম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে অবৈধভাবে সয়াবিন তেল প্যাকেজিং ও বাজারজাতকরণের অপরাধে মেসার্স বি কে ফুড প্রোডাক্টস এর সত্ত্বাধিকারী গৌতম চন্দ্র সাহাকে (৬০) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯-এর ৪৩ ধারা) অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়।
আরও পড়ুন:
এদিকে নিতাইগঞ্জের ৮১ বংশাল রোড এলাকায় অবস্থিত এস ডি ফ্লাওয়ার মিলস্ এবং গাউসুল আজম ফুড অ্যান্ড এলাইট মিলে পৃথক আরেকটি অভিযান পরিচালিত হয়। এ সময় উক্ত প্রতিষ্ঠান দু’টি থেকে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৬৫০ বস্তা আটা, যার মোট পরিমাণ ৩২ টন ৫০০ কেজি আটা উদ্ধার করা হয়।
খাদ্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, বিতরণ ও বিপণন আইন, ২০২৩-এর ৬ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও জেনারেল ম্যানেজারকে সর্বমোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকল মালামাল জব্দ করা হয়।





