আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন খনকারপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. আনাস ওরফে মুন্না (১৯)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া ৭ নম্বর ওয়ার্ডের আবদুর রহিম ও হাসিনা আকতারের ছেলে।
এসআরবি-১৫ জানায়, গত ১১ সেপ্টেম্বর বিকেলে সাবরাং জিরো পয়েন্ট সমুদ্রসৈকতসহ বিভিন্ন এলাকা ঘোরানোর কথা বলে সিএনজি অটোরিকশায় করে পাঁচজনকে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৮টার দিকে মুন্নার বাড়িতে রাত যাপনের কথা বলে তাদের চোখ গামছা দিয়ে বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাদের শারীরিক নির্যাতন করে মুক্তিপণ দাবি করা হয়। পাশাপাশি অবৈধ নৌপথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করা হয়েছিল বলে প্রেস রিলিজে জানানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে গত ১৬ সেপ্টেম্বর এসআরবি-১৫-এর ব্যাটালিয়ন সদরে লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের মাধ্যমে অভিযান পরিচালনা করে এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফের একটি আভিযানিক দল।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। উদ্ধার পাঁচজন হলেন—আল আমিন কাউসার (১৮), মো. রাশেদ (২০), সাকিবুল হাসান সাকিব (১৮), মো. সাইফুল ইসলাম (১৬) ও মো. আব্দুল্লাহ (১৬)।
উদ্ধার হওয়া ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া পাঁচজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে এবং চক্রের পলাতক ও অজ্ঞাতনামা অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





