আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ ও গুলি; শিশুসহ আহত ৪, আটক ৫

অভিযানে উদ্ধার করা অস্ত্র
অভিযানে উদ্ধার করা অস্ত্র | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফাহিম নামের এক ১২ বছরের শিশুসহ ৪ জন আহত হয়েছে। গতকাল (শনিবার, ৪ এপ্রিল) রাত ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন- ময়দার মিল পশ্চিম পাড়ার বাসিন্দা মো. কালামের ছেলে শিশু ফাহিম (১২), মো. হাসান, জসিম ও ইসমাইল মিয়া।

এ ঘটনার জেরে অভিযান চালিয়ে ফারুক নামের এক ব্যক্তির বাসা থেকে একটি শট গান উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বাকলিয়ার সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীদের সঙ্গে আব্দুস সোবহান ও শওকতের অনুসারীদের মধ্যে এ হতাহতের ঘটনা ঘটে। মূলত ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন:

এলাকায় গেল কয়েকদিন ধরেই এ দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। এ ঘটনায় ফারুকের বাসা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলেও অভিযানের খবরে ফারুক পালিয়ে যায়।

অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। গুলিবিদ্ধ শিশু ফাহিমের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এফএস