ময়মনসিংহে যাত্রাপথে গাড়ি থামিয়ে স্থানীয় ব্যক্তির দাফনে অংশ নিলেন তথ্য প্রতিমন্ত্রী

কবরে মরদেহ নামানোর মুহূর্তে তথ্য প্রতিমন্ত্রী
কবরে মরদেহ নামানোর মুহূর্তে তথ্য প্রতিমন্ত্রী | ছবি: এখন টিভি
0

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দু’টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি ফলক স্থাপন শেষে বাড়ি ফিরছিলেন। এসময় ফেরার পথে নান্দাইল পৌর সদরের গারুয়া গ্রামে স্থানীয় এক ব্যক্তির মরদেহ দাফন করা হচ্ছে দেখে গাড়ি থামিয়ে নেমে পড়েন তিনি। এরপর স্থানীয়দের সঙ্গে তিনি যুক্ত হন ওই দাফনকার্যে।

এসময় কবরে নেমে অন্যদের সঙ্গে মরদেহ কবরে নামাতেও দেখা যায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে।

একজন জনপ্রতিনিধির এমন সাদামাটা জীবন আর সাধারণ মানুষের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হন উপস্থিত এলাকাবাসী। বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

আরও পড়ুন:

স্থানীয়রা জানান, নান্দাইল পৌর এলাকার গারুয়া গ্রামের মৃত আমির হোসেনের পুত্র আজিমুল মিয়ার (৪০) গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বিকেলে নিজ বাড়ির পাশেই দাফন করার প্রস্তুতি নিচ্ছিলেন পরিবার ও এলাকাবাসী। এর মধ্যে শুরু হয় টিপ টিপ বৃষ্টি। এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উন্নয়নমূলক কাজের ভিত্তি ফলক স্থাপন শেষে বাড়ি ফেরার সময় বিষয়টি তার নজরে আসে। তাৎক্ষণিক তিনি গাড়ি থামিয়ে দাফন কাজে অংশ নিতে কবরে নেমে পড়েন। অন্যদের সঙ্গে তিনি নিজ হাতে মরদেহ কবরে নামান।

স্থানীয়রা আরও জানান, প্রতিমন্ত্রী সড়ক দিয়ে যাওয়ার সময় দাফন কাজ দেখে, কাউকে কিছু না বলে কোনো প্রটোকল ছাড়াই দাফনকার্যে অংশ নেয়ার বিষয়টি তাদের অবাক করেছে। এমন দৃশ্য দেখে তারা অনেক খুশি হয়েছেন।

এসএইচ