নারায়ণগঞ্জে খাল পরিষ্কার ও স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন

খাল খনন কার্যক্রমের উদ্বোধন
খাল খনন কার্যক্রমের উদ্বোধন | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও নগরীর পরিবেশ উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের গঞ্জে আলী খাল পরিষ্কার ও সংস্কার কাজ এবং ১৮ নম্বর ওয়ার্ডের আল আমিন নগর এলাকায় স্টেডিয়াম ও ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন।

বেলা ১২টার দিকে জাইকার সহযোগিতায় ১৮ নম্বর ওয়ার্ডের আল আমিন নগর এলাকায় স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

পরে দুপুর আড়াইটায় ১২ নম্বর ওয়ার্ডের গঞ্জে আলী খাল পরিষ্কার ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়। আসন্ন বর্ষা মৌসুমে নগরীতে জলাবদ্ধতা এড়াতে আগাম উদ্যোগ হিসেবে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানানো হয়।

গঞ্জে আলী খাল পরিদর্শনকালে প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে পারলে পরিবেশ সুন্দর থাকবে এবং মশাবাহিত রোগের ঝুঁকিও কমবে। এ সময় তিনি মশা নিধন কার্যক্রমও জোরদার করার কথা জানান।

আলআমিন নগরে স্টেডিয়াম কাজের উদ্বোধন শেষে জাইকার সিটি গভর্নেন্স প্রকল্পরে টিম লিডার রায়মুন্ড গো বলেন, ‘এ প্রকল্পটি জাইকার সহায়তায় হচ্ছে। এটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাগরিকদের সেবার মান উন্নয়নে বিশেষ অবদান রাখবে। নগরীকে বাসযোগ্য সুন্দর এবং নিরাপদ করতে ভূমিকা রাখবে এই পার্ক। এটি পরিবেশকেও রক্ষা করে।’

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন, সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা কে এম ফরিদুল মিরাজসহ অন্যান্য কর্মকর্তারা।

এএইচ