Recent event

নিখোঁজের ৩০ ঘণ্টা পেরোলেও সন্ধান মেলেনি শিশু আরিয়ানের

শিশু আরিয়ান
শিশু আরিয়ান | ছবি: সংগৃহীত
0

নেত্রকোণার মদনে নিখোঁজের ৩০ ঘণ্টা পার হলেও সন্ধান মেলেনি পাঁচ বছর বয়সী শিশু আরিয়ানের। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এর আগে গতকাল (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) দুপুরে নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়।

নিখোঁজ আরিয়ান (আরাফাত) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বিন্নি গ্রামের আনিস মিয়ার দৌহিত্র (মেয়ের ঘরের নাতি)। সে কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের সানাউল্লাহ মিয়ার (৩৫) ছেলে। এক মাস আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল আরিয়ান।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের আগে নানার বাড়ির উঠানে খেলা করছিল আরিয়ান। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মগড়া নদীর পাড়ে আরিয়ানের পরনের পোশাক পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

আরও পড়ুন:

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে উদ্ধার কাজ স্থগিত করা হয়।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মদন থানার ওসি মো. হাসনাত জামান।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত নিখোঁজ শিশুর সন্ধান পাওয়া যায়নি। শিশু আরিয়ানের নানা বুলবুল খাঁন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’

এসএস