আজ (শনিবার, ১৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক সাইদুজ্জামান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ জানাজায় অংশগ্রহণ করবেন।
এর আগে মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে সিনহার অবদান সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।’
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মিজানুর রহমান সিনহা আজ ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আজ ভোর ২টা ৪৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ সিনহা ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।





