বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ গ্রেপ্তার

বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ
বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশীদ | ছবি: এখন টিভি
0

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার, ১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেজবাহ উদ্দীন। তিনি বলেন, ‘আবু সাঈদ হত্যা মামলার প্রথম আসামি ও ১০ বছরের সাজাপ্রাপ্ত ড. হাসিবুর রশীদ বাচ্চুকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

অধ্যাপক হাসিবুর জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্ত আসামি। কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।

সেদিন উপাচার্য হাসিবুর রশীদের পদত্যাগ দাবি করে তার বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করেন হাসিবুর রশীদ। কিন্তু পদত্যাগ করেন ৮ অগাস্ট। ওইদিন ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

এএইচ