সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের সোলাই নদীর ওপর ২০২৩ সালে সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। ২০২৩–২৪ অর্থবছরে ৬ কোটি ৭৮ লাখ টাকা চুক্তিতে ৪২ মিটার দৈর্ঘ্য সেতুটির কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বিএস জেভি লতাখোলা। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি।
সেতুর ৫৫ শতাংশ কাজ সম্পন্ন করে ঠিকাদার এরইমধ্যে বিল তুলেছে প্রায় ৩ কোটি ৬২ লাখ টাকার। এদিকে, সেতুর কাজ শেষ না হওয়ায় বাস্তা, বরুন্ডি, ছোট কালিয়াকৈর, বড় কালিয়াকৈরসহ ৮ থেকে ১০টি গ্রামের মানুষ পড়েছে দুর্ভোগে।
আরও পড়ুন:
স্থানীয়রা জানান, সেতু না থাকায় প্রায় ২০ মাইল জায়গা ঘুরে আসতে হয়। আর বর্ষার মৌসুমে ব্রিজটি না থাকায় ভোগান্তিতে পড়তে হয় অনেক।
একাধিকবার তাগাদা দেয়া হলেও ঠিকাদার বাকি কাজ শুরু না করায় নতুন ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী।
মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম বলেন, ‘ঠিকাদার কাজ ফেলে রেখেছিল, আমরা বাতিলের প্রক্রিয়া করেছি। আমরা আশা করছি এ মাসের মধ্যে কাজটি পুনরায় শুরু হবে। আর স্বল্প সময়ের মধ্যে জনগণের ব্যবহার উপযোগী করে দিতে পারবো।’
দ্রুত সেতুর কাজ শেষ করে তা ব্যবহারের উপযোগী করা হোক এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।





