গত কয়েক সপ্তাহ ইয়েমেনের গৃহযুদ্ধ ফের তীব্র আকার ধারণ করায় ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। জবাবে সৌদি জোটও ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালিয়েছে। যাতে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের খবর মিলেছে।
সম্প্রতি, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর নাজরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়াও অন্তত ছয়জন আহত হয়েছেন। এদিন সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ দক্ষিণাঞ্চলীয় শহর জিজানেও সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে।
এদিকে হুথিদের এসব হামলার জেরে সৌদি আরব,সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের ১২ দেশে অবস্থানরত মার্কিন দূতাবাসগুলো সেখানকার মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকানদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সতর্ক করেছে মার্কিন কূটনৈতিক মিশনগুলো।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা তীব্রতর হওয়ায় মিসর ও গালফ কো-অপারেশন কাউন্সিলের ছয় দেশ সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে। এক বিবৃতিতে জিসিসির পররাষ্ট্রমন্ত্রীরা জানান, রিয়াদের ওপর হামলা মানে সবার ওপর হামলা। মিশর জানিয়েছে, অনুরোধ আসলে সম্ভাব্য সামরিক সহায়তাসহ সৌদি আরবকে সব ধরনের প্রয়োজনীয় সমর্থন দিতে তারা প্রস্তুত।
আরও পড়ুন:
চলমান সংকটের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হুথিদের হামলা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, পারস্পরিক সম্পর্ক জোরদার এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
আরেকদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, তেহরান নীতি পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্র শীঘ্রই ইরানের বিরুদ্ধে ‘কাজটি শেষ করে দেবে’। আর প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের বিরুদ্ধে ‘কাজ শেষ করার’ হুমকির জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, তেহরানেরও অসমাপ্ত কাজ রয়েছে।
আইআরজিসির কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা জানান, ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও অক্ষত রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা ও অস্ত্রের মজুদ। আইআরজিসি’র ডেপুটি কমান্ডার মোস্তফা ইজাদি জানান, ইরানের গার্ডস অ্যারোস্পেস ফোর্সের ক্ষেপণাস্ত্র হামলা এড়াতে সমুদ্রে থাকা মার্কিন বাহিনী ৭০০ কিলোমিটার দূরে সরেছে।
এছাড়া ইরানের সংসদের ডেপুটি স্পিকার মার্কিন ‘মাদার বম্ব’ দিয়ে হামলার হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে ‘ফাদার অব অল মিসাইল’ ব্যবহারের হুমকি দিয়েছেন।
আরেকদিকে, ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’-এর অধীনে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্কে মওকুফ করেছেন ট্রাম্প। এতে অপরিশোধিত জ্বালানী তেলের দাম ১.৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০৭.৯২ ডলারে পৌঁছেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২৩ সেন্ট বা ০.২৩% কমে ১০১.১৮ ডলারে দাঁড়িয়েছে।





