ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা; নিহত অন্তত ৮, বিদ্যুৎহীন ১০ লাখ

রিভনে অঞ্চলে রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে মাইন অপসারণকর্মী
রিভনে অঞ্চলে রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে মাইন অপসারণকর্মী | ছবি: সংগৃহীত
0

ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। এসব হামলায় দুটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ১০ লাখের বেশি মানুষ। ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার দেশটির নয়টি অঞ্চলে একযোগে এ হামলা চালানো হয়। পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের তিনটি জেলায় রুশ হামলায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধা ও ৫৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেহুবভ জানান, সেখানে আহত হয়েছেন আরও ১২ জন।

এছাড়া যুদ্ধক্ষেত্রের সম্মুখসারির দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে হামলায় দুজন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজনের মৃত্যু হয়েছে।

পোল্যান্ড সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভলিনের একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর রোমান রোমানিউক। এছাড়া কিয়েভ থেকে পোল্যান্ডগামী প্রধান মহাসড়কের পাশে অবস্থিত কোভেল শহরের একটি কাস্টমস টার্মিনালে ড্রোন হামলায় প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে ড্রোন হামলায় একটি বড় শপিং মলসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। রিভনের গভর্নর ওলেক্সান্দর কোভাল জানান, এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এদিকে রাশিয়ার সীমান্তসংলগ্ন সুমি শহরের একটি শপিং মলেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে মস্কোর হামলার পর দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়া ১০ লাখের বেশি গ্রাহকের সংযোগ পুনঃস্থাপনে কাজ করছেন মেরামতকর্মীরা। ভলিন অঞ্চলে প্রায় ৩ লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল, যার মধ্যে অন্তত এক লাখ পরিবারের সংযোগ চালু করা সম্ভব হয়েছে। আঞ্চলিক রাজধানী লুৎস্কের মেয়র আন্দ্রি রাজুমভস্কি জানান, সেখানে বিদ্যুৎ বিভ্রাট অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে। রিভনে অঞ্চলের একটি বড় অংশও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

এদিকে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেশটির সেনাপ্রধান জানান, ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার ওপর বিমান হামলা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সামরিক রসদ সরবরাহ করা হয়েছে।

অন্যদিকে ইউক্রেনে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ইউক্রেনে অন্তত ৩২৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২ হাজার ১০৫ জন আহত হয়েছেন। ২০২৫ সালের সেপ্টেম্বরের তুলনায় এ সংখ্যা ৮৫ শতাংশ বেশি।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২ হাজার ৫৭০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৫ হাজার ২১১ জন আহত হয়েছেন। এটি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬০ শতাংশ বেশি এবং ২০২৪ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশনের প্রধান ড্যানিয়েল বেল বলেন, ‘গত কয়েক বছরের মধ্যে বেসামরিক নাগরিকদের জন্য চলতি অক্টোবরের প্রথম দুই সপ্তাহ ছিল সবচেয়ে প্রাণঘাতী।’

এএম