যুক্তরাষ্ট্রের হামলায় ফের অল্পের জন্য রক্ষা; ধ্বংসস্তূপ থেকে উদ্ধার মুজতবা খামেনি

ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি
ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ হামলায় তেহরানের একটি হাসপাতাল ধ্বংস হওয়ার পর সেখান থেকে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছিল। কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য মোহসেন হেইদারি এ তথ্য জানিয়েছেন। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে হামলা চালায়। ওই হামলায় ৮৬ বছর বয়সী তৎকালীন সর্বোচ্চ নেতা খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বাবার ওপর চালানো ওই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান মুজতবা। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে তেহরানের একটি হাসপাতালে নেয়া হয়। মোহসেন হেইদারি আল আরবিকে বলেন, ‘মুজতবা আহত হয়ে হাসপাতালে যাওয়ার পরও তেহরানের তিনটি হাসপাতালে বোমা হামলা চালানো হয়েছিল। তিনি তৃতীয় হাসপাতালটিতে ছিলেন এবং তাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়।’

এরপর থেকে ৫৬ বছর বয়সী মুজতবাকে আর জনসমক্ষে দেখা যায়নি। তাকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেয়া হয়। সাক্ষাৎকারে হেইদারি মুজতবাকে ছায়ার মানুষ হিসেবে উল্লেখ করেন।

হেইদারি জানান, ৮ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারের আগপর্যন্ত সর্বোচ্চ নেতা হিসেবে নিজের নির্বাচনের বিষয়টি মুজতবা জানতেন না। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর আইনি ও ধর্মীয়ভাবে তিনি তা মেনে নিতে বাধ্য ছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসেম্বলি অব এক্সপার্টসও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু ছিল। ওই হামলার পর পরিষদের সদস্যরা একটি গোপন স্থানে বৈঠক করে ৫৯ ভোটের মধ্যে ৫০ ভোট দিয়ে মুজতবাকে নির্বাচন করেন। হেইদারি বলেন, ‘আমরা তথ্য পেয়েছিলাম যে মুজতবা খামেনি সুস্থ আছেন এবং নেতৃত্ব দিতে সক্ষম।’

মুজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে বেশ কয়েক মাস ধরে চলা জল্পনাকল্পনার মধ্যেই এই তথ্য প্রকাশ্যে এল। এর আগে আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মুজতবার স্বাস্থ্য নিয়ে কথা বলেন। গ্লেন বেককে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি খুব মারাত্মকভাবে আহত হয়েছেন। তার শরীরের বাঁ পাশ, হাত ও পা মারাত্মক জখম হয়েছে। তবে তিনি মারা গেছেন বলে আমার মনে হয় না।’

এএম