মার্কিন নিষেধাজ্ঞার মুখে কড়াকড়ি, ইরানের সঙ্গে ফ্লাইট বন্ধ করলো ইরাক

ইরানের কেশম এয়ারের একটি এয়ারবাস এ৩২০ উড়ছে
ইরানের কেশম এয়ারের একটি এয়ারবাস এ৩২০ উড়ছে | ছবি: সংগৃহীত
0

ইরানি উড়োজাহাজ সংস্থাগুলোর সঙ্গে লেনদেনকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মুখে ইরানের সঙ্গে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরাকের চারটি বিমানবন্দর। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, রাজধানী বাগদাদ, নাজাফ, এরবিল ও সুলাইমানিয়াহ বিমানবন্দর থেকে ইরানে আর কোনো ফ্লাইট চলাচল করবে না।

বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করতে গত আগস্টে যুক্তরাষ্ট্রের শুরু করা বিশেষ অর্থনৈতিক পদক্ষেপের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। এর ফলে দুই দেশের মধ্যকার আকাশপথ কার্যত বন্ধ হয়ে পড়ল। এখন গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের সড়কপথে অন্তত ১২ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের বিষয়ে বিমানবন্দরটির পরিচালক হুসেইন মুহান্না বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘নাজাফের গভর্নরের কাছে প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনার পর নাজাফ ও ইরানের মধ্যে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।’

ইরাক ও প্রতিবেশী ইরান উভয়ই শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় দুই দেশের পুণ্যার্থীরা নিয়মিত ধর্মীয় স্থান পরিদর্শনে যাতায়াত করেন। ফ্লাইট স্থগিতের প্রতিক্রিয়ায় নাজাফে অবস্থিত ইরানি কনস্যুলেট এক্স-এ ক্ষোভ প্রকাশ করেছে।

মার্কিন বিমান নিষেধাজ্ঞার কারণে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো আঞ্চলিক দেশগুলোও ইরানের সঙ্গে ফ্লাইট বাতিল বা সীমিত করেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের পক্ষ থেকে সতর্কবার্তা দেয়ার পরও দেশগুলো এ পদক্ষেপ নেয়। বর্তমানে তুরস্ক, রাশিয়া, চীন ও আর্মেনিয়ার মতো সীমিত কিছু রুটে উড়োজাহাজ পরিচালনা করছে ইরান।

এএম