এর আগে গতকাল শনিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিন ঘণ্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দুই দূত। আলোচনার সুবিধার্থে আলোচনা চলাকালীন কিয়েভ ও মস্কোতে একে অপরের রাজধানীতে বিমান হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছেন পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধের ময়দানে প্রায় ১ হাজার ২৫০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনে উভয় পক্ষের বাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে এবং আকাশপথে পাল্টাপাল্টি হামলা জোরদার হয়েছে। গত ছয় মাস ধরে যুক্তরাষ্ট্রের মনোযোগ মূলত মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকে থাকায় ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া কিছুটা থমকে ছিল। এর আগে গত জানুয়ারিতে ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও উইটকফ।
মস্কোর বৈঠক শেষে কোনো বড় অগ্রগতির আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে পুতিনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ এ আলোচনাকে গঠনমূলক, খোলামেলা ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, বৈঠকে ইউক্রেনের সামগ্রিক যুদ্ধপরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক বিষয় ও যৌথ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।





