আজ (শনিবার, ২৯ আগস্ট) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ, সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
এ দিন সকাল ৯টা থেকেই নবীনদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। নির্ধারিত সময় সকাল ১০টায় শুরু হয় বরণ আয়োজনের আনুষ্ঠানিকতা। অতিথিদের আসন গ্রহণের পর জাতীয় সংগীত এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।
আরও পড়ুন:
পরে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল ও শিক্ষাসামগ্রী তুলে দিয়ে তাদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
এরপর একে একে বক্তব্য দেন অনুষ্ঠানের অতিথিরা। নবীনদের উদ্দেশে উঠে আসে বিশ্ববিদ্যালয় জীবনকে কাজে লাগানোর পরামর্শ। শুধু ভালো ফল নয়, জ্ঞান ও দক্ষতার পাশাপাশি মানবিকতা এবং নৈতিক মূল্যবোধ ধরে রাখার কথাও উঠে আসে তাদের বক্তব্যে।
অনুষ্ঠানে নিজেদের অনুভূতির কথাও জানান নবীন শিক্ষার্থীরা। নতুনদের স্বপ্ন আর পুরনোদের অভিজ্ঞতায় মিলনায়তনে সৃষ্টি হয় ভিন্ন এক আবহের। বক্তব্যে শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।





