ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে না দেয়ার ঘোষণা নেতানিয়াহুর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু | ছবি: সংগৃহীত
0

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় গাজা কিংবা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে দেবেন না। গতকাল (শনিবার, ২২ আগস্ট) তিনি এ ঘোষণা দেন। তবে এমন সময়ে তিনি এ মন্তব্য করলেন, যখন আসন্ন নির্বাচনে তার জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর আভাস দিচ্ছে জনমত জরিপগুলো। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলের রাজনৈতিক দল সংযুক্ত আরব আফ্রিকার নেতা মনসুর আব্বাসের মন্তব্যের জবাবে নেতানিয়াহু এই অবস্থান জানান। এর আগে মনসুর আব্বাস বলেছিলেন, ফিলিস্তিন ইতিমধ্যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে আছে এবং বিশ্বের অধিকাংশ দেশ একে স্বীকৃতি দিয়েছে। তিনি ইসরাইল ও যুক্তরাষ্ট্রকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান।

এর প্রতিক্রিয়ায় বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যত দিন আমি প্রধানমন্ত্রী আছি, তত দিন গাজা কিংবা যিহূদিয়া ও সামারিয়ায় ইরান নিয়ন্ত্রিত কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেয়া হবে না।’ উল্লেখ্য, যিহূদিয়া ও সামারিয়া হলো ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বাইবেলীয় নাম, যা ইসরাইলিরা ব্যবহার করে থাকে।

আগামী ২৭ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নেসেটের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে, নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং তার কট্টর ডানপন্থি ও কট্টর অর্থোডক্স মিত্রদের জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পাচ্ছে না। বর্তমানে লিকুদ পার্টির নেসেটে ৩২টি আসন থাকলেও সাম্প্রতিক জরিপগুলোতে তা কমে ২০টিতে নামার পূর্বাভাস দেয়া হয়েছে। গত ১৯ আগস্ট প্রকাশিত চ্যানেল ১৩-এর এক জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর জোট সব মিলিয়ে ৫১টি আসন পেতে পারে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১০টি কম।

এএম