অস্ট্রেলিয়ার কন্ডিশনে টেস্ট ক্রিকেটের লড়াইটা সহজ নয়। প্রতিটি রান কিংবা উইকেটের সঙ্গে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে একেকটি ক্যাচও। তাই ডারউইনে প্রথম টেস্টের আগে ফিল্ডিং নিয়েও বিশেষভাবে কাজ করছে বাংলাদেশ দল।
অনুশীলনে ক্যাচিংয়ের পাশাপাশি গ্রাউন্ড ফিল্ডিং, দ্রুত বল কুড়িয়ে থ্রোয়িং এবং শর্ট রেঞ্জ ক্যাচিংয়ে মনোযোগী ছিলেন ক্রিকেটাররা। ফিল্ডিং ইউনিট হিসেবে সেশনটাও ছিল বেশ গোছানো।
বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দ্রুতগতির উইকেটে ফিল্ডিংয়ে সামান্য ভুলও যে বড় ক্ষতির কারণ হতে পারে, সেটি মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
আরও পড়ুন:
বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার বলেন, ‘অ্যাজ এ ফিল্ডিং ইউনিট সবাই প্রস্তুত এবং প্রিপারেশন খুব ভালো হয়েছে। বাকিটা ম্যাচের সময় দেখা যাবে। তারা ১০০ ভাগ মেন্টালি প্রস্তুত এবং মেন্টালি প্রস্তুত হওয়ার জন্যই এতদিন কাজ করা হয়েছে। ইনশা আল্লাহ তারা ভালো করবে।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফিল্ডিংয়ে উন্নতির ছাপ দেখা গেলেও, ব্যাটে-বলে অধারাবাহিকায় সেসব ঢাকা পড়ে। অস্ট্রেলিয়ার মাটিতে তাই বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে টিম টাইগার্স। প্রথম টেস্টের আগে হাতে থাকা প্রতিটি সেশন কাজে লাগিয়ে নিজেদের প্রস্তুত করছে টাইগাররা। ব্যাটিং-বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও নিজেদের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইটা আরও জমিয়ে তুলতে পারবে বাংলাদেশ।
পেসার হাসান মাহমুদ বলেন, ‘খুব ভালো প্র্যাকটিস সেশন হচ্ছে। অবশ্যই আমাদের আরও সামনে অনেক টাস্ক আছে এবং অনেক সেশন আছে।’
আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল।




