সেপ্টেম্বরের ভারত সিরিজের আগেই শতভাগ ফিট হতে চান মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান | ছবি: সংগৃহীত
0

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে মিরপুরে পুনর্বাসন শুরু করেছেন মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ মিস করলেও, আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালস দলে ধরে রেখেছে এই পেসারকে। তবে ফ্র্যাঞ্চাইজি লিগের আগে, আগামী সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সম্ভাব্য সিরিজের আগেই শতভাগ ফিট হয়ে উঠতে চান কাটার মাস্টার।

কাটার আর স্লোয়ারে ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নেওয়া মুস্তাফিজুর রহমান এখন লড়ছেন নিজের শরীরের সঙ্গে। হ্যামস্ট্রিংয়ের চোটে বেশকিছু দিন ধরেই মাঠের বাইরে তিনি। তবে আশার খবর, নিজেকে ফিরে পাওয়ার পথে বাংলাদেশের এই তারকা পেসার। মিরপুরে ছন্দে ফেরার লক্ষ্যে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন কাটার মাস্টার।

জিম্বাবুয়ের সিরিজের প্রথম ওয়ানডেতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান মুস্তাফিজ। গ্রেড-ওয়ান টিয়ারের কারণে চার সপ্তাহের জন্য ছিটকে যান তিনি। বিশ্রাম শেষে এরই মধ্যে পুনর্বাসন শুরু করেছেন এই পেসার। তারই অংশ হিসেবে মঙ্গলবার মিরপুরে রানিং করেন দ্য ফিজ।

আরও পড়ুন:

মুস্তাফিজের রানিংয়ের মাঝেই মিরপুরে আসেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মাঠে নেমে বেশ অনেকটা সময় ধরে এই পেসারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। এ সময় কাটার মাস্টারের পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

চোটের কারণে ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলতে পারেননি মুস্তাফিজ। সেই টুর্নামেন্ট মিস করলেও আইএল টি-টোয়েন্টিতে দল পেয়েছেন তিনি। গেল আসরের মত এবারও দুবাই ক্যাপিটালসে খেলবেন দ্য ফিজ।

অবশ্য আইএল টি-টোয়েন্টির আগেই জাতীয় দলের দায়িত্বে নামতে হতে পারে মুস্তাফিজকে। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তার আগেই নিজেকে পুরোপুরি তৈরি করে রাখতে চান কাটার মাস্টার।

এফএস