সমঝোতা লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র; আলোচনা হবে না বলে সাফ জানালো ইরান

আব্বাস আরাঘচি
আব্বাস আরাঘচি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্র গত জুনে সই হওয়া অন্তর্বর্তী সমঝোতা লঙ্ঘন করে চলার কারণে ওয়াশিংটনের সঙ্গে ইরান কোনো আলোচনায় বসবে না বলে সাফ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ (রোববার, ৯ আগস্ট) তিনি বলেন, বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। শুধু মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান হচ্ছে।

আরাঘচি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, তেহরান ও মাসকাটের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছে। তবে এই চুক্তি হলেই কৌশলগত এই জলপথটি সঙ্গে সঙ্গে খুলে দেয়া হবে না।

ইরানের সংবাদ সংস্থা মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তিতে জাহাজ চলাচলের জন্য নতুন কিছু রুট নির্ধারণ করা হবে। তবে সেই রুটগুলো তখনই কার্যকর হবে, যখন যুক্তরাষ্ট্র বাকি শর্তগুলো পূরণ করবে এবং প্রণালিটি জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দেয়া হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলা শুরুর পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন করিডোরটি কার্যত অচল হয়ে আছে। প্রণালি পুনরায় সচল করতে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দর-কষাকষি চলছে। তবে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ ও অবরোধ প্রত্যাহারসহ বেশ কিছু শর্ত পূরণের দাবি জানিয়েছে তেহরান।

এএম