রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের হামলা; সংকটে হাজারো ব্যবসা

বাণিজ্যিক গুদামে ড্রোন হামলার পর আকাশজুড়ে বিপুল কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে
বাণিজ্যিক গুদামে ড্রোন হামলার পর আকাশজুড়ে বিপুল কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে | ছবি: রয়টার্স
0

গত তিন সপ্তাহে মস্কোর ক্ষুদ্র ব্যবসায়ী ভাসিলি ক্লিমোভের অনলাইন শপিং পিক-আপ পয়েন্টটি লাভজনক ব্যবসা থেকে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাশিয়ার শীর্ষ ই-কমার্স জায়ান্ট ‘ওয়াইল্ডবেরিজ’-এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে যারা ব্যবসা করেন, ক্লিমোভ তাদেরই একজন। গত ১৮ জুলাই থেকে রাশিয়ার বিভিন্ন স্থানে ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতে ইউক্রেন প্রায় প্রতি রাতে ড্রোন হামলা চালাচ্ছে, যার বড় প্রভাব পড়েছে ক্লিমোভের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের ড্রোন হামলায় এ পর্যন্ত কোম্পানিটির প্রায় ২০টি বড় গুদাম বা ওয়াইল্ডহাউস ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিশাল অগ্নিকাণ্ডের পাশাপাশি বিপুল পরিমাণ পণ্য ভস্মীভূত হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছে, কোম্পানিটির মোট ধারণক্ষমতার প্রায় এক-পঞ্চমাংশ বা ১১ লাখ ৮০ হাজার বর্গমিটার মজুত এলাকা ধ্বংস হয়ে গেছে। এর ফলে রাশিয়ার খুচরা বিক্রয় খাতে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে।

ক্লিমোভ জানান, গত এক মাসে তার বিক্রি প্রায় ৫০ শতাংশ কমে গেছে কারণ কোনো পণ্যই ঠিকমতো সরবরাহ করা হচ্ছে না। ক্লিমোভের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন তাদের ব্যবসা বিক্রির চেষ্টা করছেন। এমনকি রাশিয়ার অনলাইন মার্কেটপ্লেস ‘আভিতো’তে গত বুধবার পর্যন্ত ওয়াইল্ডবেরিজের ৩ হাজার ১০০টিরও বেশি পিক-আপ পয়েন্ট বিক্রির বিজ্ঞাপন দেখা গেছে।

এসব হামলায় এ পর্যন্ত অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ইউক্রেন বলছে, সাধারণ রাশিয়ানদের কাছে যুদ্ধের ভয়াবহতা পৌঁছে দিতে এবং মস্কোর যুদ্ধের ব্যয় বাড়িয়ে দিতেই এই অভিযান চালানো হচ্ছে। ইউক্রেনের দাবি, ওয়াইল্ডবেরিজ নিয়মিত পণ্যের পাশাপাশি সামরিক সরঞ্জামের ব্যাগ, হেলমেট ও নাইট-ভিশন চশমা সরবরাহ করে রুশ বাহিনীকে সহায়তা করছে। যদিও কোম্পানিটি ও ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করেছে।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউলিনা জানিয়েছেন, এই সরবরাহ সংকটের কারণে মুদ্রাস্ফীতি বাড়বে কি না, তা তারা পর্যবেক্ষণ করছেন। দেশটির বৃহত্তম ব্যাংক সারব্যাংক জানিয়েছে, প্রায় ৩০০টি কোম্পানি ইতিমধ্যে ঋণের কিস্তি পুনর্নির্ধারণের আবেদন করেছে। ক্রেমলিন ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন হাজারো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এখন দেউলিয়া হওয়ার পথে। পরিস্থিতি সামলাতে রুশ সরকার কোম্পানিটিকে কর ছাড় বা ভর্তুকি দেয়ার কথা ভাবছে।

এএম