জনসেবামূলক কাজ করলে কাউন্সিলর পদে সুপারিশ করা হবে: ডিএনসিসি প্রশাসক

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান | ছবি: এখন টিভি
0

আগামী নির্বাচনে যিনি এলাকায় কাজ করবেন এবং জনসেবামূলক সব কর্মকাণ্ডের প্রমাণ দেখাতে পারবেন, তাকে এলাকার কাউন্সিলর পদে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা এলাকার এলাকার সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু পদ-পদবি দিয়েই কাউন্সিলারকে মনোনয়ন অনুমোদন দেবেন না। পদ-পদবী থাকলে কাউন্সিলর হওয়া যায় না। জনগণের কাছাকাছি যেতে হবে এবং জনগণের জন্য কাজ করতে হবে।’

প্রশাসক দৃঢ় কণ্ঠে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনগণের সরকার। তাই জনগণের সেবা আমাদের প্রধান ধর্ম। এলাকায় অনেক সমস্যা রয়েছে। আমরা সিটি করপোরেশনের পক্ষ হতে সব সমস্যার সমাধানের চেষ্টা করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর পর জনগণ ক্ষমতায় বসিয়েছেন এবং প্রধানমন্ত্রী জনগণের সেবায় সর্বদা কাজ করে যাচ্ছেন। আমরা তার অনুসারী হিসেবে কাজ করে যাবো।’

তিনি বলেন, ‘ঢাকার কিছু কিছু জায়গায় পানির সমস্যা চরম পর্যায়ে। আমরা ওয়াশার মাধ্যমে কয়েকটি জায়গায় পানির পাম্প স্থাপনের মাধ্যমে পানির সমস্যা সমাধানের চেষ্টা করছি এবং সফল হয়েছি।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘এখন আর মশার উপদ্রব তেমন দেখা যায় না। এর প্রধান কারণ, আমরা খাল পরিষ্কারের মাধ্যমে খালের মশার বংশবিস্তার রোধ করতে পেরেছি। জনগণের সহায়তা নিয়ে খাল পুনরুদ্ধার করে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ডেঙ্গু মশামুক্ত করবো।’

হকারদের নিয়ে পরিকল্পনামাফিক কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘হকারদের পূর্ণবাসনে আমরা যে জায়গা নির্ধারণ করেছিলাম, সে জায়গায় হকাররা না বসে পুনরায় আবার ফুটপাতে বসতেছে। তাহলে এভাবে তো কাজ করা যায় না। হকার পূর্ণবাসনে হকার এবং জনগণকে সহযোগিতার মাধ্যমে আমরা পরিস্থিতি সমাধান দিতে পারবো।’

তিনি জানান, এলাকার রাস্তাঘাট সম্প্রসারণ ও লাইটিং সমস্যায় জনগণের সহায়তা নিয়ে কাজ করতে হবে। এছাড়া প্রশাসক ট্যাক্স কমানো নিয়ে ব্যবসায়ীদের আবেদন প্রেক্ষিতে বলেন, ‘আমরা ট্যাক্স কম নির্ধারণের চেষ্টা করবো।’

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবশ্যই এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। সেইসঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও কামনা করেন।

আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন |

এসএইচ