জানা যায়, টানা ৬ দিন সুনামগঞ্জে কখনো ভারী বৃষ্টিপাত, কখনো মাঝারি কিংবা কখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। যার ফলে এ জেলায় সূর্যের দেখা মেলেনি। পাশাপাশি ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে পাহাড়ি ঢল নামায় এই জেলার সব নদ-নদীর পানি বাড়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
তবে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দুপুর ৩টা ৩৫ মিনিটে সূর্যের দেখা মিলেছে। টানা ৬ দিন পর আজকে রোদের দেখা মিলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে।
আরও পড়ুন:
সুনামগঞ্জের স্থানীয় বাসিন্দা আকমল মিয়া বলেন, ‘প্রচুর বৃষ্টি ছিল গত ৬ দিন। বৃষ্টির জন্য কোনো কাজ করা সম্ভব হয়নি। তবে এখন রোদের দেখা পাওয়ায় বেশ ভালো লাগছে।’
সুনামগঞ্জের স্থানীয় বাসিন্দা রজব মিয়া বলেন, ‘টানা বৃষ্টি, পাহাড়ি ঢল, নদীর পানি দ্রুত বৃদ্ধি সব মিলিয়ে এই জেলার মানুষ অনেক আতঙ্কে রয়েছে তবে এখন রোদের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে।’
তবে সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী -২ এমদাদুল হক বলেন, ‘সুনামগঞ্জে আরও ২৪ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে পাহাড়ি ঢল নামায় জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’





