সুনামগঞ্জে বৃষ্টিপাত কমলেও পাহাড়ি ঢলে বাড়ছে নদীর পানি

সুনামগঞ্জে বাড়ছে পানি
সুনামগঞ্জে বাড়ছে পানি | ছবি: সংগৃহীত
0

সুনামগঞ্জে বৃষ্টিপাত কম থাকলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব কয়টি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আজ (সোমবার, ১৩ জুলাই) বেলা ১২টা পর্যন্ত জেলার ছাতক উপজেলার পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পানি।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৭৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়াও আজ বেলা ১২টা পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্ট ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, সুনামগঞ্জে বৃষ্টিপাত কমলেও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে প্রতিনিয়ত নদীর পানি বাড়লে এই জেলায় স্বল্প মেয়াদী বন্যা হতে পারে।

এদিকে, বন্যা মোকাবিলা করতে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলায় ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ৪৯২টি নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। জেলা-উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

ইএ