আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভরা বর্ষায় গত কয়েক দিন ধরেই রাজধানীতে বৃষ্টি হচ্ছিলো। তবে গতকাল (শনিবার) মধ্যরাত থেকে শুরু হয় অবিরাম বর্ষণ। আজ সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় ঢাকায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ।
সরেজমিনে দেখা যায়, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত পানিতে ডুবে গেছে। কাজীপাড়ায় ওপর দিয়ে মেট্রোরেল চলাচল করলেও নিচের সড়কে কোথাও কোথাও হাঁটুপানি জমে গেছে। ফলে অনেক হালকা ও ভারী যানবাহন বিকল হয়ে সড়কে আটকে আছে।
অফিসের কাজে নারায়াণগঞ্জ যাওয়ার উদ্দেশে গাড়ি নিয়ে বেরিয়ে কাজীপাড়ায় আটকে পড়া আসিফ হোসেন বলেন, ‘এমন বৃষ্টি ঢাকায় কখনো দেখিনি। সকাল সাড়ে ৭টার দিকে এখানে আসার পর ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি অচল হয়ে গেছে। তিন ঘণ্টা ধরে বসে আছি; সামনে আগাতে পারছি না, বাসায় ফেরারও উপায় নেই।’
সড়কে পানি জমে থাকায় সকাল থেকেই গণপরিবহনের তীব্র সংকট দেখা দেয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত বাস বা রিকশা পাননি অফিসগামীরা। কাজীপাড়ায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্য দীর্ঘ ৪০ মিনিট ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থী মো. শিমুল বলেন, ‘বাস কখন আসবে বলতে পারছি না। বাধ্য হয়ে অপেক্ষা করছি।’
একই চিত্র দেখা গেছে আগারগাঁও এলাকায়। মহাখালীর অফিসের উদ্দেশে রওনা হওয়া সায়রা বেগম নামের এক নারী এক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘চরম অসহনীয় অবস্থায় আছি। অফিসে যথাসময়ে পৌঁছাতে পারব কি না, জানি না।’
শেওড়াপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম জানান, ভারী বর্ষণে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের শেওড়াপাড়া শাখা-৩-এর সামনের প্রধান সড়কসহ আশপাশের সব রাস্তা তলিয়ে গেছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। তবে এই প্রাকৃতিক দুর্যোগ ও জলাবদ্ধতার কারণে স্কুল কর্তৃপক্ষ আজকের পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছে।
চলতি জুলাইয়ের শুরু থেকেই দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। গত ৫ জুলাই থেকে শুরু হওয়া ভারী বর্ষণ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এখনও অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা দেশজুড়ে কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অতিভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তা দেয়া হয়েছে।





